মায়ের ভাষা রক্ষায় জীবন দেয়া সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউরদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের পদচারণায় মুখর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার।
একুশের প্রথম প্রহরে মিনারের বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।
আর বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর থেকেই খালি পায়ে প্রভাত ফেরি করে ফুল হাতে নিয়ে বিভিন্ন স্থান থেকে শহীদ মিনারে এসে জড়ো হন জনসাধারণ।
দুপুর পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন,পরিবার ও ব্যাক্তিগত ভাবেও শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে শহীদ মিনার ও আশপাশ এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়।
এর আগে একুশের প্রথম প্রহরেও বৃষ্টিতে ভিজেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছিলেন সহস্রাধিক মানুষ। রাত ১২টা ১ মিনিটের সময় প্রথমেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড।
এরপর একে একে সিটি মেয়র, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, সিলেট রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা পরিষদ, সিলেট প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন ঘিরে জিন্দাবাজার পয়েন্ট থেকে শহীদ মিনারগামী চৌহাট্টা পর্যন্ত সড়কে রাত থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। শহীদ মিনারের মুক্তমঞ্চে সিলেট সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষ থেকে আলোচনা সভাসহ নানা আয়োজন রয়েছে। অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। সরকারি হাসপাতাল, সমাজসেবা অধিদপ্তরের এতিমখানা, আশ্রয় কেন্দ্র, কেন্দ্রীয় কারাগারে উন্নত খাবার পরিবেশ করাও হচ্ছে।
