ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে বাংলাদেশী ও ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
আটককৃত বাংলাদেশী নাগরিক মুকুল বিশ্বাস (৩৩) রাজবাড়ী জেলার বালিয়াকান্দির নেপাল বিশ্বাসের ছেলে ও ভারতীয় নাগরিক শান্তি রাণী মৃত্তি (৬০) ভারতের নদিয়া ও ওয়েস্ট বেঙ্গলের বাদল মন্ডলের মেয়ে।
বিজিবি জানায়, সোমবার রাতে সিলেটের জৈন্তাপুরের সীমান্ত পিলার ১২৭৯/৩-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামবাড়ী পুঞ্জি এলাকা দিয়ে মানব পাচারকারীর সহায়তায় ১ জন বাংলাদেশী এবং ১ জন ভারতীয় নাগরিক (মহিলা) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে তাদেরকে আটক করে বিজিবি ও পুলিশ।
ভারতীয় নাগরিক শান্তি রাণীকে জিজ্ঞাসাবাদে জানান, তিনি মুকুল বিশ্বাসের সাথে অবৈধভাবে ভারতে তার স্বামীর বাড়ীতে গমনের নিমিত্তে সীমান্তবর্তী এলাকায় আসেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদিউজ্জামান জানান, তাদের বিরুদ্ধে মামলা করে আজ কোর্টে প্রেরণ করা হয়েছে।
