মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৪
আজকের সর্বশেষ সবখবর

ভাইরাল ভিডিও নিয়ে এমপি নজরুলের ব্যাখ্যা, কিশোরীকে দ্বিতীয় স্ত্রী দাবি

সিলেটের সকাল ডেস্ক ::
জুলাই ২১, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের দাবিকে ঘিরে নতুন প্রশ্ন উঠেছে। কারণ, কথিত বিয়ের পাঁচ দিন পর স্বাক্ষরিত একটি বায়োডাটায় ওই তরুণী মরিয়ম খাতুনের বৈবাহিক অবস্থায় ‘অবিবাহিত’ উল্লেখ রয়েছে।

দৈনিক আগামীর সময়-এর হাতে আসা বায়োডাটা অনুযায়ী, গত ২২ জুন সেখানে এমপি গাজী নজরুল ইসলামের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরের ওপরে সবুজ কালিতে হাতে লেখা রয়েছে, ‘জোর সুপারিশ করছি’। অথচ এমপি দাবি করেছেন, এর পাঁচ দিন আগে অর্থাৎ ১৭ জুন পারিবারিকভাবে মরিয়ম খাতুনের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়। ফলে বিয়ের দাবিকৃত তারিখের পরও বায়োডাটায় ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এদিকে, পত্রিকাটির হাতে আসা একটি কাবিননামার অনুলিপিতে দেখা যায়, তিন লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ রয়েছে। কাবিননামায় সাক্ষী হিসেবে মো. আবুল হোসেন ও বেগম মাকসুদা ইসলামের নাম রয়েছে। তবে কাবিননামাটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওটি প্রকাশের পর এমপির প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, মরিয়ম খাতুনের সঙ্গে তার স্বামীর পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একই দাবি করেন মরিয়ম খাতুনও। তার ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং তার স্বামীর সম্মানহানির উদ্দেশ্যে এটি প্রচার করা হয়েছে।

মরিয়মের বাবা মাছুম বিল্লাহও দাবি করেন, গত ১৭ জুন দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয় এবং অনুষ্ঠানে এমপির প্রথম স্ত্রীও উপস্থিত ছিলেন।

অন্যদিকে, মঙ্গলবার দেওয়া এক লিখিত বিবৃতিতে এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেন, গত ১৩ জুলাই রাজধানীর মগবাজারে শ্বশুরের ব্যবসায়িক কার্যালয়ে অবস্থানকালে তার দ্বিতীয় স্ত্রীর মামা ও গাড়িচালক ওবায়দুল্লাহ কয়েকজনকে নিয়ে তাদের জিম্মি করেন। এ সময় অর্থ আদায় এবং আরও অর্থ দাবি করা হয়। তিনি অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে গোপনে ধারণ করা ব্যক্তিগত ভিডিও রাজনৈতিক উদ্দেশ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক হিসেবে প্রচার করা হচ্ছে।

এমপি গাজী নজরুল ইসলাম বলেন, প্রথম স্ত্রীর সম্মতিতেই তিনি ১৭ জুন মরিয়ম খাতুনকে বিয়ে করেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

তবে বিয়ের দাবিকৃত তারিখের পাঁচ দিন পরের বায়োডাটায় মরিয়ম খাতুনের বৈবাহিক অবস্থায় ‘অবিবাহিত’ উল্লেখ থাকার বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন ও আলোচনা শুরু হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।