বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:২০

বিশ্ব পর্যটন দিবসে প্রকৃতি বিষয়ে সিলেটে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

#সিলেটে নামলে এখন আর টিলা-পাহাড় বন দেখা যায় না- সুলতানা কামাল

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, পর্যটকদের যেটা বলে আমরা আকৃষ্ট করছি, সেটা রক্ষা করতে পারছি না। হাওর উধাও হয়ে যাচ্ছে, কক্সবাজারে সুন্দর বিচ থাকছে না। একসময় সিলেটে নামলেই অসংখ্য টিলা-পাহাড় বন দেখা যেতো, এখন আর তা দেখা যায় না। পদ্মা, সুরমা ও বুড়িগঙ্গা নদীর অবস্থা কতটা খারাপ, সেটা এর আগের দিনের কথা বিবেচনা করলেই বোঝা যায়। যেগুলো আগে অনেক সুন্দর ছিল। এখন আর সেই রূপ নাই। আমরা এটিকে ধরে রাখতে পারছি না।

বুধবার বিকেলে সিলেট নগরের মিরাবাজারস্থ হোটেল মিরা গার্ডেন-এর কনফারেন্স কক্ষে হাওর-টিলা বন রক্ষা করে পর্যটন নিয়ে প্রকৃতি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের ট্রাষ্টি স্থপতি জেরিনা হোসেনের সভাপতিত্বে সুলতানা কামাল আরও বলেন, যারা উন্নয়নের নীতিনির্ধারণ করছেন, তারা কি ভেবে উন্নয়ন উন্নয়ন করছেন, কাদের সুবিধা দেওয়ার জন্য উন্নয়ন করছেন, কিভাবে সুবিধা দেওয়ার জন্য উন্নয়ন করছেন। পরিবেশের দিকে লক্ষ্য রাখতে হবে। পরিবেশকে বিপর্যস্ত করে, পরিবেশকে নষ্ট করে যদি উন্নয়ন করা হয়, তাহলে পর্যটনকেন্দ্র আর থাকবে না।

বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উপলক্ষে ওয়াটারকিপার্স বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সিলেট শাখা ও পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট, সিলেট-এর যৌথ উদ্যোগে হাওর-টিলা বন রক্ষা করে পর্যটন নিয়ে প্রকৃতি বিষয়ক এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। সভায় মুখ্যবক্তার বক্তব্য রাখেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল।

তিনটি বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন স্থপতি রাজন দাশ, লেখক হাসান মোরশেদ ও গণমাধ্যমকর্মী উজ্জ্বল মেহেদী।

এছাড়া আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সভাপতি জামিল আহমদ, সিনিয়র সহসভাপতি প্রফেসর ড. নাজিয়া চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান, বাসদ মার্কসবাদী উজ্জ্বল রায়, উদীচী সিলেটের সভাপতি এনায়েত হোসেন মানিক, হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, প্রাধিকার সভাপতি মো. মাহাদী হাসান, গ্রিন এন্ড এক্সপ্লোর সোসাইটির রেস্কিউ এন্ড এডভেঞ্চার উইং প্রধান মো. শাফিন মুজনাবিন খান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।