বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৭
আজকের সর্বশেষ সবখবর

বাজেটে হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক ::
জুন ৪, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও ফসলহানি মোকাবিলায় হাওর অঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা (পোহাস)।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অনুষ্ঠিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: হাওরবাসীর প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। পোহাস-এর সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটুর পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মাসুদ আলম।

অনুষ্ঠানের শুরুতে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংস্থার সভাপতি কাসমির রেজা। তিনি হাওরবাসীর পক্ষ থেকে ২০ দফা প্রস্তাবনা তুলে ধরে বলেন, চলতি বছরের ব্যাপক ফসলহানির কারণে হাওরের কৃষকরা চরম সংকটে পড়েছেন। এ পরিস্থিতিতে জাতীয় বাজেটে হাওর অঞ্চলের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখতে হবে।

এসময় তিনি জলবায়ু খাতে জিডিপির অন্তত ৩ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, হাওরে কৃষি বীমা চালু, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ প্রণোদনা, বিল-নদী খননের জন্য বিশেষ বরাদ্দ, কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক ড্রায়ার ও কমিউনিটি মাড়াই কেন্দ্র নির্মাণ, বজ্রপাত মোকাবিলায় বিশেষ কর্মসূচি, মৎস্য গবেষণাগার ও অভয়াশ্রম স্থাপন, কৃষক ও জেলেদের জন্য সহায়তা বৃদ্ধি এবং হাওরাঞ্চলে পূর্ণাঙ্গ আবহাওয়া অফিস স্থাপনের দাবি জানান।

সভায় বক্তারা আরও বলেন, হাওরের ফসলহানি দীর্ঘমেয়াদে দেশের জিডিপিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই শুধু বাঁধ নির্মাণ নয়, বরং খাল খনন ও সমন্বিত পানি ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে। পাশাপাশি ফসলরক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি বন্ধ করা এবং আগাম জাতের ধানের চাষ সম্প্রসারণের আহ্বান জানান বিশেষজ্ঞরা।

আলোচনা সভায় সুজন সিলেটের সভাপতি অ্যাডভোকেট শিরীন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, বিআইডিডির গবেষণা পরিচালক ড. শরীফ আহমদ চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।