বছরের শুরুতেই সিলেটে প্রায় দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (১লা জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি জানায়, বুধবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, গার্নিয়ার ক্রিম, থান কাপড়, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াস, কেনু, চিনি, গরু, ফুচকা, পোস্ত দানা, বডি স্প্রে, ক্যান্ডি, সাবান, স্কুটি, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন এবং চোরাচালানী মালামাল পরিবহনে বব্যহৃত মাহিন্দ্র ট্রাক্টর আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য- ১ কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
