সিলেট নগরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। মঙ্গলবার দুপুরে সিলেট নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক মেয়রের আত্মগোপনের সুযোগে ফের ফুটপাতে নেমে পড়ে হকাররা। এরপর মেয়র বরখাস্ত এবং সিসিকের নিরবতার সুযোগে দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠে তারা। ফুটপাতের পাশাপাশি অর্ধেক রাস্তার দখল করে দোকানদারী করায় নগরজুড়ে বাড়ে যানজট। ফলে জনমনে বাড়ছে ক্ষোভ। এমন পরিস্থিতিতে জনদাবীর প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতিতে মঙ্গলবার অভিযান পরিচালনা করেছে সিসিক।
জানা গেছে, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর ফুটপাত ও রাস্তাঘাট দখলমুক্ত করতে নগরীর লালদিঘীরপাড়ে হকার পুনর্বাসনের উদ্যোগ নেন। সেখানে অস্থায়ী হকার মার্কেট নির্মাণের ঘোষণা দেন। শেষ সময়ে প্রশাসনিক অসহযোগিতার কারণে ভেস্তে যায় আরিফুল হক চৌধুরীর সেই উদ্যোগ। এরপর সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ী হকারদের পুনর্বাসনের উদ্যোগ নেন। নগরভবনের পেছনের লালদিঘীরপাড় মাঠে তাদের পুনর্বাসনের জন্য শেড তৈরি করে দিয়ে সেখানে বসিয়ে সড়ক ও ফুটপাতকে জঞ্জালমুক্ত করেন। এরপর থেকে সেখানেই বসতেন হকাররা। যদিও জুলাই মাসের মাঝামাঝি সময়ে রাজনৈতিক অস্থিরতাকে পুঁজি করে ফের ফুটপাত ও রাস্তায় চলে আসেন হকাররা। ৫ আগস্টের পর থেকে নগরজুড়ে ফুটপাত ও রাস্তা দখলের মহোৎসব শুরু হয়ে যায়।
এবার মেয়রবিহীন প্রশাসকের নিয়ন্ত্রণাধীন নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মঙ্গলবার দুপুর থেকে পুলিশ-প্রশাসনকে নিয়ে উচ্ছেদ অভিযানে নামে সিসিকের ভ্রাম্যমাণ আদালত।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, সিলেট মহানগর পুলিশ এবং আমরা গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে যৌথভাবে সভা করে সিদ্ধান্ত নিয়েছি যে, এবং আমাদের জেলা প্রশাসক মহোদয় নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্যবস্থা গ্রহণ করি। আর পুনরায় তাদেরকে লালদিঘীর পাড় যেখানে তাদের স্থান করা হয়েছে, সেখানে যেন তারা বসতে পারে। শহরের কোথাও যেন তারা সড়কে বা ফুটপাতে বসতে না পারে এটা নিশ্চিত করার জন্যেই আমরা এই অভিযানগুলো পরিচালনা করছি। যতদিন তারা রাস্তায় থাকবে, ততদিন আমরা আইনানুগ ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। আমরা চেষ্টা করছি নগরবাসী যেন একটি সুন্দর নগর উপহার পায়।
