টানা বর্ষণে হাওরাঞ্চলের ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের ২৪তম কার্যদিবসে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ হাওরাঞ্চলের পরিস্থিতি তুলে ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করলে এ আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিস নিয়ে আলোচনার সময় এ প্রসঙ্গ ওঠে।
এলজিআরডি মন্ত্রীর কাছে সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজার উপজেলা সড়কে বন্যায় ক্ষতিগ্রস্ত দুটি সেতু নির্মাণের বিষয়ে সম্পূরক প্রশ্ন করার আগে কলিম উদ্দিন হাওরের পরিস্থিতি তোলেন।
তিনি বলেন, “প্রবল বর্ষণে সুনামগঞ্জসহ সকল হাওর তলিয়ে যাচ্ছে। আমাদের কৃষকরা মাঠে লড়াই করছে ধান কাটার জন্য।”
এ সময় তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, “কৃষকদের বিষয়টি খুবই একটি কনসার্নিং ব্যাপার। গত তিনদিন আগেই আবহাওয়া রিপোর্টের উপরে ভিত্তি করে আমি প্রশাসনকে, স্থানীয় প্রশাসনকে, এই তিনটি জেলার স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছিলাম মাননীয় স্পিকার, যে যদি এরকম হয়, আবহাওয়া যা বলছিল, প্রেডিকশন যা ছিল, আবার সেই ভিত্তিতে যদি বৃষ্টিপাত হয়, তাহলে যেন তারা প্রিকশন নেয়, কী কী করা যায়।”
সরকারের তরফ থেকে কৃষকদের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আজকে সকালে এই সেশন শুরু হওয়ার আগেও আমি দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী ওনার সাথে আমি কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়ে এসেছি যে, যে সকল এই তিনটি জেলাসহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে, প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী তিন মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য।”
এর আগে সুনামগঞ্জ থেকে দোয়ারাবাজার সড়কে নোয়াগাঁও ও পানাইলডর এলাকার দুটি সেতু বন্যায় বিধ্বস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি সংসদে তোলেন কলিম উদ্দিন আহমদ।
