সোমবার , ২৫ মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৩
আজকের সর্বশেষ সবখবর

বিদেশে পাঠানোর নামে প্রতারণাকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে: সিলেটে মন্ত্রী আরিফ

নিজস্ব প্রতিবেদক ::
মে ২৫, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

প্রবাসে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণাকারী চক্রের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। এ ধরনের জালিয়াতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে।

সোমবার (২৫ মে) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সাম্প্রতিক বিভিন্ন দুর্ঘটনায় আহত শ্রমিক এবং নিহত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে সরকার দ্রুত শ্রম আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকারের প্রধান লক্ষ্য শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণ করা। কর্মস্থলে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশাপাশি হাওরাঞ্চলে বজ্রপাতে নিহত শ্রমিকদের পরিবারকেও সরকারি সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ২০১ জন আহত শ্রমিক ও নিহত শ্রমিকের পরিবারের মাঝে ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। ক্ষতির ধরন অনুযায়ী পরিবারপ্রতি সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, ডিআইজি ড. মো. জিললুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিলেট জেলা পরিষদের প্রশাসক সন্দীপ কুমার সিংহ।

উল্লেখ্য, ঈদুল আজহার আগেই এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ালো সরকার। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।