বর্ষিয়ান রাজনীতিবিদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব আব্দুল বাছির (৯৩) আর নেই।
রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের ছেলে ও সিলেট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন তার পিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জয়নাল আবেদীন জানান, সোমবার বেলা আড়াইটায় পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আব্দুল বাছির দীর্ঘদিন ধরে বাধ্যর্কজনিত নানা রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে নগরের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
কোম্পানীগঞ্জ উপজেলার বর্ষিয়ান এই রাজনীতিবিদ একবার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এরপর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। জনপ্রতিনিধি হয়ে তিনি মসজিদ-মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটসহ গ্রামীণ জনপদের উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। একজন সালিস ব্যক্তিত্ব হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলাসহ সিলেটের উত্তর জনপদে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। তিনি পাড়ুয়া আনোয়ারা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ছিলেন।
