বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়েছে শিক্ষার্থীরা। আর বইয়ের আনন্দে মাতোয়ারা হয়ে উচ্ছ্বাসে মেতেছে তারা। নতুন বই হাতে নিয়েই পাতা খুলে ঘ্রাণ নিচ্ছে অনেকে, আবার সাথে আসা মা-বাবাকেও দেখাচ্ছে আনন্দের সাথে।
সোমবার (১ জানুয়ারি) সকালে শহর সিলেটের সবকটি শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৪’ উপলক্ষে আয়োজন করা হয় অনুষ্ঠানের। আর অনুষ্ঠানের মাধ্যমেই নতুন বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। বই উৎসব উপলক্ষে রঙ-বেরঙেয় বেলুন উড়ানো হয় আকাশে।
নগরীর দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে উৎসবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো.আল-জুনায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘বই উৎসব ২০২৪’ উদ্বোধন করেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁদ সুলতানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসাইন মো. আল জুনায়েদ ও বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মমতাজ বেগম।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ‘প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ে বিভাগের চার জেলায় ১৬ লাখ ৪৪ হাজার ৩৯৮ জন শিক্ষার্থীর হাতে ৬৯ লক্ষ ৫১ হাজার ৬৯টি নতুন বই এবং নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, ইবতেদায়ী, দাখিল ও কারিগরি শাখায় বিভাগের ১২ লক্ষ ২৮ হাজার ৫৪২ জন শিক্ষার্থীর হাতে ১ কোটি ৪২ লক্ষ ৯৬ হাজার ৪৩৯টি বই তুলে দেয়া হচ্ছে।’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেটের উপ পরিচালক জালাল উদ্দিন জানান, এবছর অনেক আগে বই পৌছে গেছে। প্রায় ১৫দিন পূর্বে সব বই পৌছে যায়। প্রতিটি বিদ্যালয়ে বই চলে গেছে, আজ প্রতিটি শিক্ষার্থীর হাতেই তুলে দেয়া হয়েছে নতুন বই।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সায়ীদ মো: আব্দুল ওয়াদুদ জানান, সিলেবাস পরিবর্তনের কারণে ৮ম ও ৯ম শ্রেনির বই ছাপানোর কাজ একটু পিছিয়ে গেছে। তবে অন্যসব শ্রেণির সকল বই চলে এসেছে। ৮ম ও ৯ম শ্রেণির ৮০ভাগ বই চলে এসেছে। অবশিষ্ট বই দুএকদিনের মধ্যে চলে আসবে।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে বছরের প্রথম দিন বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম শুরু করে বর্তমান সরকার।
