বুধবার , ২৯ নভেম্বর ২০২৩, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২২
আজকের সর্বশেষ সবখবর

দেশের জনগণ সাথে থাকলেই গ্রহণযোগ্য নির্বাচন হবে- পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৯, ২০২৩ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের জনগণ সাথে থাকলেই একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, কে আসলো আর না আসলো, এটা বড় কথা নয়। আমাদের জনগণ আমাদের সাথে আছেন। এটাই সবচেয়ে বড় কথা। বাংলাদেশি জনগণ আমাদের সাথে আছেন। বিদেশী জনগণ থাকুক বা না থাকুক- সেটা ভিন্ন কথা। আমার দেশের জনগণ আমাদের সাথে থাকলেই আমরা বিশ্বাস করবো এটা গ্রহণযোগ্য নির্বাচন।

বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার শেখ রাসেল হাসানের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে তিনি বিপুলসংখ্যক নেতাকর্মী সাথে নিয়ে সিলেট-১ আসন থেকে লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন- সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ ও পররাষ্ট্রমন্ত্রীর বক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন বিধি মেনে আমরা ৪ জন গিয়ে নমিনেশন দাখিল করেছি। আমাদের এখানকার অফিসার এটা গ্রহণ করেছেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা আমাদের নমিনেশনটা দিতে পেরেছি।

স্বতন্ত্র প্রার্থী নিয়ে মন্ত্রী বলেন, স্বতন্ত্র প্রার্থী নিয়ে আমি দুশ্চিন্তায় নেই। আমার সাথে আমার জেলা ও মহানগরের সব নেতাকর্মী আছেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো স্বতন্ত্র প্রার্থী দাঁড়াতে পারেন। স্বতন্ত্র প্রার্থী দাঁড়ালে আমাদের কোনো অসুবিধা নেই। আর তিনি যদি আওয়ামীলীগের হয়ে থাকেন, তাহলে আমার বিশ্বাস তারা আওয়ামীলীগ দলের কোনো ক্ষতি করবেন না। কেননা আমরা ব্যক্তিবিশেষ নয়, আমরা দলের লোক। দল যদি জয়যুক্ত হয়, তাহলে আমরা সরকার গঠন করবো। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন করা। আমার বিশ্বাস কোনো ব্যক্তি যদি আওয়ামীলীগের সত্যিকারের কর্মী হয়ে থাকেন এবং দলের প্রতি যদি আন্তরিকতা থাকে, তাহলে তিনি দলের ক্ষতি করবেন না। এটা আমার বিশ্বাস।

নির্বাচন নিয়ে ড. এ কে আব্দুল মোমেন বলেন, নির্বাচনী পরিবেশ খুবই ভালো। এখন দেশব্যাপী নির্বাচনী জোয়ার বইছে। আমার মনে হয় সিলেটবাসী তথা দেশবাসী নৌকাকে ভোট দিয়ে আবার জয়যুক্ত করবে।

বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, বিএনপির আন্দোলনের নমুনা হচ্ছে রাতের অন্ধকারে লুকিয়ে আগুন জ্বালানো। এটা নির্বাচনে কোন প্রভাব ফেলবে না। আমরা সবাইকে বলছি, আপনারা নির্বিঘ্নে-নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসেন। আপনার ভোট আপনি দেন, যাকে খুশি তাকে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।