সিলেটের দক্ষিণ সুরমায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার পারাইচক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারাইচক এলাকায় রেললাইনের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর একটি দলও ঘটনাস্থল পরিদর্শন করে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত ওই নারী এলাকায় ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে সুনির্দিষ্ট তদন্ত শুরু করেছে পুলিশ।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহত নারীর সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে পরিচয় শনাক্তে রেলওয়ে পুলিশের পাশাপাশি পিবিআই-এর ক্রাইম সিন টিম কাজ করছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
