সিলেটের একটি ভোটকক্ষে সাত ঘণ্টায় ভোট পড়েছে চারটি। বুধবার জেলার দক্ষিণ সুরমা উপজেলার পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ওই কেন্দ্রের ৪ নম্বর কক্ষে মাত্র চার ভোটার ভোট দিয়েছেন। সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত এই ভোট পড়েছে।
এর আগে আজ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে টানা বিকেল ৪টা পর্যন্ত।
ভোটকক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ সুরমার তিন এলাকার ভোটারদের ওই কক্ষে ভোট দেওয়ার কথা। ওই কক্ষে মোট ভোটারের সংখ্যা ১১৮। ওই ভোটকক্ষের পোলিং কর্মকর্তা মো. ইমরান খান বলেন, চার ভোটার বিভিন্ন সময়ে ভোটগুলো দিয়েছেন। একই তথ্য দিয়েছেন ভোটকেন্দ্রের ৪ নম্বর কক্ষের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দিলারা বেগম।
৪ নম্বর ভোটকক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ১৩ প্রার্থীর বিপরীতে মাত্র একজন এজেন্ট উপস্থিত ছিলেন। ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাদ্দাম হোসাইন বলেন, কেন্দ্রটি নারী ভোটারদের কেন্দ্র। কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২০৪। এর মধ্যে বেলা দুইটা পর্যন্ত ২৯৪টি ভোট পড়েছে। এর আগে দুপুর ১২টা পর্যন্ত ১৫৯টি এবং সকাল ১০টায় ভোট পড়েছিল ১৯টি।
