সিলেটে সেজেগুজে দাদার সঙ্গে বাড়ির বাইরে বের হয়ে সিএনজি-অটোরিক্সার ধাক্কায় আট বছরের শিশু রাফিয়া জান্নাত মাইশার মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সুলতানপুর সড়কের সিলাম তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় মাইশার ৬ বছর বয়সী আরেক বোন আহত হয়েছে।
মাইশা ও রাইসা সিলাম ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মো. রিপন মিয়ার মেয়ে।
জানা যায়, শুক্রবার সকালে মাইশা ও রাইসা তার দাদার সাথে বাড়ির সামনের রাস্তায় বের হয়। এসময় সিলেট-সুলতানপুর সড়কে সিলেটগামী একটি সিএনজি চালিত অটোরিকশা দ্রুত গতিতে এসে শিশুটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা মাইশাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর আহত হয় রাইসা।
এদিকে, অটোরিকশা চাপায় শিশুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সিলেট-সুলতানপুর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেছে। পুলিশ গাড়িটি জব্দ করেছে। এছাড়া মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
