সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অন্যতম নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’র ২৫ বছর পূর্তি উপলক্ষে চার দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন সাবেক থিয়েটার কর্মী ও সিলেট শহরের সাংস্কৃতিক কর্মীরা।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় কেক কেটে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এর আগে, দুপুর একটায় ক্যাম্পাসের অর্জুনতলা থেকে থিয়েটার সাস্টের সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে একটি র্যালি বের হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে আবার অর্জুনতলায় এসে র্যালিটি শেষ হয়।
থিয়েটার সাস্টের সভাপতি মেহেদী হাসান মিঠু বলেন, থিয়েটার সাস্ট ২৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী প্রোগ্রামগুলোতে সবার স্বতস্ফূর্ত অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত। তিনি বলেন, সিলেটের নাট্যাঙ্গন তথা বাংলাদেশের নাট্যাঙ্গনে থিয়েটার সাস্টের অবদান রয়েছে। বৈশ্বিক মহামারি সহ বিভিন্ন সংকট উত্তরণ করে থিয়েটার কর্মীরা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে থিয়েটারকে অগ্রাধিকার দিতে হবে। আশাকরি, অতীতের মতো আগামীতেও থিয়েটার সাস্টের মাধ্যমে ভালো ভালো নাটক উপভোগ করতে পারবো।
