কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাগারপাড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন। গতকাল রবিবার (২৩ মার্চ) ইফতার পরপর হঠাৎ করে ওই গ্রামে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে আহত হয়েছেন মকরম আলী, আক্রম আলী, মো. উজ্জল মিয়া, চেরাগ আলী, ফারুক মিয়া, আব্দুল জলিল, মোহাম্মদ মমিন মিয়া, আবু বক্কর, মোছাম্মদ বশিরুন বেগম, পিয়ারা বেগম, আরিনা বেগম, আব্দুর কাদির, আবুল মিয়া ও আব্দুস ছালাম।
আহতদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মোহাম্মদ বাক্কার মিয়া বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১১/১২ জন আসামি করে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, মারামারির খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
