সোমবার , ১৮ মার্চ ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪১
আজকের সর্বশেষ সবখবর

জৈন্তায় পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত- ৬

ডেস্ক রিপোর্ট
মার্চ ১৮, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের জৈন্তাপুরে পিকআপ ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার সিলেট-তামাবিল সড়কের সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি-২-এর সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৪ জন ও হাসপাতালে নেওয়ার পর ২ জন মারা যান।

নিহতরা হলেন- জৈন্তাপুরের চিকনাগুল এলাকার যাত্রগোল (ঠাকুরের মাটি) গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলি পাত্র (৫৫), একই গ্রামের নন্ত পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র (৩৫), কুষ পাত্রের স্ত্রী সুচিতা পাত্র (৩৫) ও তার ৬ মাস বয়েসি মেয়েসন্তান বিজলী, সুভেন্দ্র পাত্রের মেয়ে ঋতু পাত্র (৮) ও মৃত নিপেন্ত্র পাত্রের স্ত্রী শ্যামলা পাত্র (৫৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

আর আহতরা হলেন- , সুভেন্দ্র পাত্রের স্ত্রী প্রণতি পাত্র (৩৫) কুষ পাত্র (৪০) ও তার ২ ছেলে এবং লেগুনা চালক। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে জৈন্তাপুরে তামাবিল সড়কে পল্লি বিদ্যুৎ সমিতি-২-এর সামনে সিলেটগামী গরুবোঝাই পিকআপের (সিলেট-মেট্রো-ন ১১-২২৬৪) সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার (সিলেট-ছ ১১-১২৫২) মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মঙ্গলি পাত্র, সুচিতা পাত্র, শিশু ঋতু পাত্র ও বিজলী মারা যান।

খবর পেয়ে হাইওয়ে ও থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করে। ওসমানীতে নেওয়ার পর সাবিত্রি পাত্র ও শ্যামলা পাত্র মারা গেছেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন- দুর্ঘটনার পর সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এসময় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।

জানা গেছে, মঙ্গলি পাত্ররা লেগুনা করে একটি বৌ-ভাতের অনুষ্ঠানে যোগ দিতে সিলেট-তামাবিল সড়ক দিয়ে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।