সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরের চিকনাগুল এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় তাহসিন আহমদ (১৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার বিকেল তিনটার দিকে চিকনাগুল খান চা-বাগানের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহসিন জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নালে আবেদীনের ছেলে।
স্থানীয়রা জানান, চা-বাগানের গেইট সংলগ্ন স্থানে সিলেটগামী প্রাইভেট কারের সাথে হরিপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাহসিনের মৃত্যু হয়।
এসময় তার সাথে থাকা অপর মোটরসাইকেল আরোহী একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তাহের আহমদ (১৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আহতকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়দের সহায়তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
