সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়ার ছোঁড়া গুলিতে জমির আহমদ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়াদের ছোঁড়া ছিটা গুলিতে আহত হন জমির আহমদ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গুলিতে নিহতের সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহালসহ আইনি পদক্ষেপ নিয়েছে। লোকটি ভারতীয় খাসিয়ার গুলিতে মারা গেছে মর্মে তিনি খবর শুনেছেন। গুলি খেয়ে মারা যাওয়ায় তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
