শনিবার , ২০ জানুয়ারি ২০২৪, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫১

জৈন্তাপুরে প্রাইভেট কারে ট্রাকের ধাক্কা, ছাত্রলীগের ৪ কর্মী নিহত

সিলেটের সকাল রিপোর্ট ::
জানুয়ারি ২০, ২০২৪ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই ছাত্রলীগের নেতা-কর্মী। তারা সবাই প্রাইভেটকারের আরোহী ছিলেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) এবং নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা প্রাইভেটকারে করে তামাবিলের দিকে যাচ্ছিলেন। বাংলাবাজার ব্রিজ এলাকায় দ্রুতগতির ট্রাক তাদের প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চারজনকেই মৃত ঘোষণা করেন।

সিলেট জেলা পুলিশের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম) এ তথ্য নিশ্চিত করে জানান, জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলাবাজার ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের  স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়না তদন্ত করা হয়নি। ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশগুলো হস্তান্তর করা হয় ।’

এদিকে, ছাত্রলীগের চার কর্মী নিহত হওয়ার ঘটনায় তাদের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। রাতে স্বজন ও নেতাকর্মীরা খবর পেয়ে রাতেই হাসপাতাল প্রাঙ্গণে ভিড় করেন। খবর পেয়ে সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা ও আওয়ামী লীগ এবং জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরাও হাসপাতালে ছুটে যান।

সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ বলেন, জৈন্তাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের চার নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের মরদেহ ওসমানী হাসপাতালে আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।