সারাদেশের সাধারণ শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে শীর্ষে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড। সিলেট শিক্ষাবোর্ডে এবছর পাসের হার ৮৫ দশমিক ৩৯। যা গত বছর ছিল ৭১ দশমিক ৬২। গত কয়েকবছর সিলেটে জিপিএ-৫ কম থাকলেও এবছর রেকর্ড ৬ হাজার ৬৯৮ জন জিপিএ-৫ পেয়েছেন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৯৯ জন শিক্ষার্থী।
সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১১টার দিকে ফল প্রকাশ করেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জাকির আহমদ। পরে বিস্তারিত ফলাফল তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল।
সিলেট শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৮৩ হাজার ১৬৫ জন অংশ নিয়ে ৭১ হাজার ১২জন উত্তীর্ণ হয়েছে।
সিলেট বোর্ডের অধীনে এইচএসসির ফলাফলে সব সূচকে এগিয়ে আছেন ছাত্রীরা। পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছেন মেয়েরা। এবার ৪৯ হাজার ৩৫৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪২ হাজার ৬৬১ জন। পাসের হার ৮৬ দশমিক শূন্য ৪৪। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৮২৯ জন। এদিকে ছাত্রদের পাসের হার ৮৩ দশমিক ৮৫। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩৩ হাজার ৮১১ জন ছাত্র। এর মধ্যে পাস করেছেন ২৮ হাজার ৩৫১ জন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৮৬৯ জন।
সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানান, প্রথমে বন্যা ও পরে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির সবগুলো বিষয়ের পরীক্ষা এবার নেওয়া সম্ভব হয়নি। যে বিষয়গুলো নেওয়া সম্ভব হয়েছে সেগুলোর ফলাফল স্বাভাবিক নিয়মে এসেছে আর যে বিষয়গুলো নেওয়া সম্ভব হয়নি সে বিষয়গুলোর ফলাফল এসএসসি ফলাফলের ভিত্তিতে দেওয়া হয়েছে। আইসিটিতে ভালো ফলাফলে জিপিএ-৫ ও পাসের হার দুটোই বেড়েছে এবার। শতভাগ পাশ করেছে এমন কলেজের সংখ্যা সিলেটে ৮টি যা গতবছর ছিলো ২টি।
