বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৫৩
আজকের সর্বশেষ সবখবর

জাফলংয়ে ১০ ড্রেজার, ৬ এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি ::
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) জাফলংয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনে ব্যবহৃত ভারী সরঞ্জাম ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার পরিচালিত এ অভিযানে দশটি ড্রেজার মেশিন ও ছয়টি এক্সকেভেটরসহ বিপুল পরিমাণ যন্ত্রপাতি গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে চালানো এই অভিযান জাফলং-ডাউকি ইসিএ এলাকার বাউরভাগ হাওর, নন্দিরভাগ হাওর, চা-বাগান, ঝুমপাড় ও জিরো পয়েন্ট এলাকাজুড়ে পরিচালিত হয়।

অভিযানে জব্দ করা সরঞ্জামের মধ্যে ছিল দশটি ড্রেজার মেশিন, ছয়টি এক্সকেভেটর, পাঁচটি জেনারেটর, চুয়াল্লিশটি বারকি নৌকা, তেরোটি কনভেয়ার বেল্ট এবং পনেরোটি শ্যালো মেশিন এসবই পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে বিবেচিত হওয়ায় ঘটনাস্থলেই ধ্বংস করে দেওয়া হয়। এ ছাড়া পাঁচটি ব্যাটারি ধ্বংস এবং আরও চারটি ব্যাটারি জব্দ করা হয়েছে।

অভিযান শেষে গণমাধ্যমকে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, শুধু পাথর-বালু উত্তোলন নয়, সিলেট বিভাগের বিভিন্ন জেলায় হাইড্রোলিক হর্নের মতো শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আগামী দিনগুলোতে বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধেও নিয়মিতভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হবে।

এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির ও বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুনসহ সংস্থাটির একাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এ ছাড়া অভিযানে সার্বিক সহযোগিতা করে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।