দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি বিনষ্টের সুস্পষ্ট অভিযোগে প্রেক্ষিতে জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুস সালামকে পদ থেকে অব্যাহতি ও সাময়িক বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- আব্দুল সালামকে কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হবে না এই মর্মে আগামী ৭দিনের মধ্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব এর নিকট স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগের সুস্পষ্ট জবাব দেওয়ার জন্য অনুরোধ সহ নির্দেশ প্রদান করা হইল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদকে নানা কারণে হুমকি প্রদর্শনের অভিযোগে তাকে বরখাস্ত করা হয়েছে।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল আজকের পত্রিকাকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি বিনষ্টের সুস্পষ্ট অভিযোগে আব্দুস সালামকে পদ থেকে অব্যাহতি ও সাময়িক বহিস্কার করা হয়েছে। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে না জানালে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।
