শনিবার , ৬ জানুয়ারি ২০২৪, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৭
আজকের সর্বশেষ সবখবর

জকিগঞ্জে স্বতন্ত্রপ্রার্থীর প্রধান এজেন্টসহ ৩১ জনের নামে মামলা

ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৬, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের এক স্বতন্ত্রপ্রার্থীর নির্বাচনী প্রধান এজেন্টসহ ৩১ জনের নামে মামলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে-আসামিরা নিজেদের ফেসবুক আইডি থেকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া, গোয়েন্দা সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনী সম্পর্কে বিরূপ প্রচারণা চালায়। ফলে জনমনে বিভ্রান্তি, ভয়, আতঙ্ক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

গতকাল শুক্রবার জকিগঞ্জ থানায় এজাহার দাখিল করলে আজ শনিবার ভোরে সাইবার নিরাপত্তা আইনে মামলা হিসেবে রেকর্ড করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ। মামলার বাদী একটি গোয়েন্দা সংস্থার সিলেট শাখার এসএএসআই শাহালম দেওয়ান।

আজ শনিবার সন্ধ্যায় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) সুকান্ত চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমরা দেখছি। সব পুলিশ তো বিভিন্ন কাজে। তবুও আমরা চেষ্টা করছি।’

মামলার আসামিরা কানাইঘাট-জকিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৫ আসনের স্বতন্ত্রপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আহমদ আল কবিরের অনুসারী। এই আসনে আরেক স্বতন্ত্রপ্রার্থী হলেন হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী (কেটলি প্রতীক)। হুছামুদ্দীন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি। এখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দলটির সিলেট মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

মামলার বিষয়ে আহমদ আল কবির বলেন, ‘এখানে যাদের নাম রয়েছে, তাঁদের অনেকেই স্মার্টফোন ব্যবহারই করেন না। আমার নির্বাচনে বিজয় দেখে কেউ যদি এটা করে থাকে, তাহলে তো আমার আর কিছু করার নেই। আমরা আদালতের শরণাপন্ন হয়ে যতটুকু করার, ততটুকু করব।’

নির্বাচনী কোনো পরিবেশ নেই জানিয়ে বীর মুক্তিযোদ্ধা কবির আরও বলেন, ‘ইলান (এ রকম) যদি আগেরদিন মামলা করা হয় কর্মীদের ইলেকশন থেকে সরিয়ে রাখার জন্য, তাহলে নির্বাচনী পরিবেশ কীভাবে থাকে? এই মামলার কারণে আমি অনেকটা শঙ্কিত। আমি একজন নিরীহ মানুষ। নিরীহ মানুষকে এভাবে হয়রানি করলে কষ্ট হয়। সাধারণত আমি কখনো দেখিনি গোয়েন্দা সংস্থা মামলা করতে। মামলা তো সাধারণত পুলিশ করার কথা।’

মামলার আসামিরা হলেন-৯ নম্বর মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান (৪৮), ট্রাক প্রতীকের প্রার্থী আহমদ আল কবিরের ছোট ভাই ও নির্বাচনী প্রধান এজেন্ট আহমদ আল ওয়ালী (৫৫), ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম (৫৩), জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল আহাদ (৪০), ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কমরু (৪০), সোনার বাংলা সমবায় সমিতির এমডি জাফরুল ইসলাম (৪২), সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ (৪৫), মাতারগ্রামের সফিকুল হকের ছেলে আল আমিন আব্দুল্লাহ সুমন (৪০), জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমএ সালাম (৩৮), ১ নম্বর বারহাল ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী (৫৫), ৩ নম্বর কাজলসার ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুলকারনাইন লস্কর (৫৮) এবং ৪ নম্বর খলাছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সামাদ আজাদ (৩৫)।

এ ছাড়া বিএনপি নেতা ও ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাছির উদ্দিন (৫৫), বিএনপি নেতা ও খলাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা মাসুক (৫৮), রূপালী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু মোহাম্মদ জাকারিয়া ওরফে স্বপন (৪৫), ২ নম্বর বিরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার (৫২), ৮ নম্বর কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুছ সাত্তার মঈন (৫৫), সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক রিয়াজ (৫৫), সীমান্তিক স্কুল অ্যান্ড কলেজের আব্দুর রউফ তাপাদার (৪৫), উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হাই (৫৮), গঙ্গাজল বাজারের সাবেক সেক্রেটারি মো. আসলাম মিয়া (৫৭), যুবলীগ নেতা ইমরান হোসেন লিমন (৩২), বিরশ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এমাদ মিয়া (৫০) এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বুরহান উদ্দিনের (৫১) নাম মামলার আসামি হিসেবে আছে।

খলাছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তাক আহমদ (৫২), ফুলতলী গ্রামের মৃত আব্দুস শহিদ চৌধুরীর ছেলে আলবাব হোসেন চৌধুরী (৪৫), এনায়েত চৌধুরী (৪০) সহ অজ্ঞাতনামা আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচণায় আসামি আব্দুল হাকিম শামীম, শাহরিয়ার কবির রায়হান, আরএ নোমান, এমডি নুরুল আমিন রোকনদের ফেসবুক আইডি থেকে এসব অপপ্রচার চালানো হয়।

সূত্র: আজকের পত্রিকা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।