সিলেটে গরমে আবুল হাশেম (৫০) নামে এক রিকশাচালকের আকস্মিক মৃত্যু হয়েছে। তবে এটা হিটস্ট্রোকে মৃত্যু না বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার দুপুরে নগরের চৌহাট্টা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আবুল হাশেম (৫০) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার উত্তরবিল গ্রামের বাসিন্দা। তিনি সিলেট নগরে রিকশা চালাতেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন। তিনি জানান, এটা হিটস্ট্রোক কি না বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে বলা যাবে। সিলেটে সে পরিমাণ গরমও নেই। তার লাশ মেডিকেলের মর্গে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে রিকশা চালিয়ে চৌহাট্টা এলাকায় এসে মাটিতে লুটিয়ে পড়েন আবুল হাশেম। পরে কর্তব্যরত পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পার্শ্ববর্তী পুলিশ বক্সের সামনে তাকে নেয়া হয়। প্রাথমিক শুশ্রুষা দেয়ার সময়ই তিনি মারা যান। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এবিষয়ে সিলেট ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘গরমে হিটস্ট্রোকে মারা যাওয়ার মতো আবহাওয়া সিলেটে নেই। হিটস্ট্রোকে মারা যাওয়ার ক্ষেত্রে নানা লক্ষণ থাকে। হুট করেই কেউ মারা যাবে না। যদি সে হিটস্ট্রোকে মারা যেতো, তাহলে সে গাড়ি চালানোর মতো সামর্থ্য তার থাকতো না। এটা হয়তো অন্য কোনো রোগের কারণে সে মারা গেছে। তবে এখন পর্যন্ত সিলেটের তাপমাত্রা হিট স্ট্রোক করার মতো নয়। রিকশাচালক আবুল হাসেম মারা যাওয়ার কারণ ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবে না।’
আবহাওয়া অধিদপ্তর সিলেটের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন বলেন, দেশের অন্যান্য জায়গার তুলনায় সিলেটের আবহাওয়া সহনীয় আছে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রী আর সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রী। হিটস্ট্রোক করার মতো তাপমাত্রা সিলেটে এখনও হয়নি। আজ রাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
