ঘন কুয়াশার কারণে চীন ও কাতার থেকে আসা বেসরকারি বিমান অপারেটর ইউএস-বাংলার দুটি ফ্লাইট শনিবার ঢাকার হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের পরিবর্তে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘন্টা পর যাত্রীদের নিয়ে ফের ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে ফ্লাইট দুটি।
ইউএস বাংলা এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন জানান, ঘন কুয়াশার কারণে চীনের গুয়াংজু ও কাতারের দোহা থেকে ছেড়ে আসা দুটি ফ্লাইট নির্ধারিত গন্তব্য ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পারায় ফ্লাইট দুটি ডাইভার্ট হয়ে ওসমানীতে অবতরণ করে।
তিনি জানান, সকাল ৯টা ৪৪ মিনিটে গুয়াংজু থেকে আসা ফ্লাইট ওসমানীতে অবতরণ করে। সকাল ১০টা ৪০ মিনিটে এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর দোহা থেকে আসা ফ্লাইট ৮টা ৫৫ মিনিটে ওসমানীতে অবতরণ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ১০টা ৪০ মিনিটে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঘন কুয়াশার কারণে গেল কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ডাইভার্ট হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে।
