ঘন কুয়াশার কারণে আবারও ঢাকার বদলে সিলেটে নামলো সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইট। মঙ্গলবার সকাল ১০টার দিকে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-৩০৮ ফ্লাইটটি ঢাকার বদলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ফ্লাইটটি নির্ধারিত গন্তব্য ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পারায় ডাইভার্ট হয়ে ওসমানীতে অবতরণ করে। বিমানেই যাত্রীরা বসা ছিলেন। সকাল ১১টার দিকে আকাশ পরিচ্ছন্ন হলে বিএস-৩০৮ ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করে।
এর আগে গত শনিবার ঘন কুয়াশার কারণে চীন ও কাতার থেকে আসা ইউএস-বাংলার দুটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের পরিবর্তে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘন্টা পর যাত্রীদের নিয়ে ফের ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে ফ্লাইট দুটি।
