সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পাওয়ার টিলার (হালের ট্রাক্টর) উল্টে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন একজন।
নিহত ট্রাক্টরের চালক রাজু আহমদ (২৬) তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের আব্বাস আলীর ছেলে ও হেল্পার হালিম উদ্দিন (১৫) চিরুরপাড় গ্রামের আব্দুর রহিমের ছেলে।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পাওয়ার টিলার (ট্রাক্টর) দিয়ে ক্ষেতের জমিতে হাল চাষ করে মেইন রাস্তা পারাপারের সময় ট্রাক্টর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক ও হেল্পার নিহত হন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহক হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। তারা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য আবেদন করেছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
