সিলেটের শাহী ঈদগাহ খেলার মাঠের গেজেটকৃত নাম বাদ দেওয়ার দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার নগরের শাহী ঈদগাহ এলাকাবাসীর পক্ষ থেকে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের কাছে স্মারকলিপি প্রদান করেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুজ্জামান সেলিম।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠ ছিলো সিলেট সদর উপজেলার ক্রীড়াবিদদের অন্যতম পছন্দের মাঠ। এই মাঠে সব সময় খেলাধুলায় ব্যস্ত ছিলেন সিলেটের ক্রীড়া প্রেমিরা। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার এসে এই মাঠের নাম পরিবর্তন করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম করে। সেই থেকে শুরু হয় মাঠ নিয়ে বাণিজ্য। বছরে একবার বাণিজ্য মেলা আর কোরবানি পশুর হাট। প্রত্যেকবার ক্রীড়াবিদরা প্রতিবাদ কর্মসূচি পালন করলেও কোন লাভ হয় নি। প্রভাবশালী চক্র তা আমলে না নিয়ে মাঠে মেলা ও পশুর হাট বসাতে ব্যস্ত থাকেন। দীর্ঘদিন পরে হলেও মাঠটি তার পূর্বের নাম ফিরে পেলো। বৃহত্তর শাহী ঈদগাহ এলাকার জনসাধারণের আহবানে শাহী ঈদগাহ এলাকার মিনি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, আমরা বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে আমাদের এলাকার একমাত্র মিনি স্টেডিয়ামটি নতুন নামকরণ করেছি যার নাম ‘গ্রেটার শাহী ঈদগাহ মিনি স্টেডিয়াম সিলেট।’ এই মিনি স্টেডিয়ামটি পূর্বের সরকার প্রধানের নিকট আত্মীয়ের নামে নামকরণ করা হয়েছিল। আমরা এলাকার সকল মুরব্বীয়ান, যুব সমাজ ও ছাত্র আন্দোলনে সহযোগীতাকারী ছাত্রদেরকে সাথে নিয়ে গত ১৫ জানুয়ারী আমরা মিনি স্টেডিয়ামটির নামফলক উন্মোচন করেছি। ভবিষ্যতে যেন কোন রাজনৈতিক নেতা বা নেতার আত্মীয়-স্বজন এর নামে স্টেডিয়ামটির নামকরণ করা না হয় এই দাবী জানান এলাকাবাসী।
এসময় বদরুজ্জামান সেলিম বলেন, গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ উন্নয়নের নামে শুধু নামফলক বসানোর রাজনীতি করেছে। দেশের সকল প্রতিষ্ঠানকে লুটপাট করতে ফ্যাসিস্ট হাসিনা তার পরিবারের সকল সদস্যদের নামে নামকরণ করে দেশের বিভিন্ন স্থানে শুধু ফলক বসিয়ে উন্নয়নের নামে হাজার হাজার অর্থ লুটপাট করেছে।
এসময় উপস্থিত ছিলেন নূরজাহান মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, বৃহত্তর শাহী ঈদগাহ সমিতি ইউকের সভাপতি শাহরিয়ার সিদ্দিকী মান্না, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সাবেক ছাত্রনেতা শাহ্ সাইদুর রহমান হিরু, যুক্তরাজ্য প্রবাসী রাসেল আহমদ, জুনেদ খান, জুবের আহমদ, আবু কাওছার চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী লিটন, সাজ্জাদ আহমদ, রাজন আহমদ, আনোয়ার হোসেন, শিপন, মিল্লাত, শামসুজ্জামান শওকত প্রমুখ।
