সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় এক যুবককে মারধর করে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (১৯ মে) সকালে উপজেলার পশ্চিম ইসলামপুর দক্ষিণ বুড়দেও গাংপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ইমাম উদ্দিন (২৭) পশ্চিম ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ বুড়দেও গাংপাড় এলাকার বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা শমসির আলীর ছেলে।
অভিযোগসূত্রে জানা যায়, সকালে ইমাম উদ্দিন বড়ভাই আল আমীনের মালিকানাধীন ‘আল্লাহ ভরসা ইলেকট্রিক’ দোকানে গচ্ছিত ২ লাখ টাকা নিয়ে বাড়ীতে যাওয়ার পথে হামলার শিকার হন ইমাম উদ্দিন।
ইমাম উদ্দিনের বড় ভাই ও ইলেকট্রিক ব্যবসায়ী আল আমীন এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, প্রতিবেশী সফিক মিয়া ও তার সহযোগীরা ইমাম উদ্দিনকে রাস্তায় আটকিয়ে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং তার সঙ্গে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয়।
স্থানীয়রা হামলার শব্দ শুনে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত ইমাম উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, পূর্ব শত্রুতার জেরে মারামারির খবর পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
