কোম্পানীগঞ্জের থানাবাজারে শনিবার (১৬ নভেম্বর) রাতে হুমায়ুন কবির (৫০) নামের এক বিক্রয় প্রতিনিধিকে প্রাণে হত্যার চেষ্টা হয়েছে। সে প্রাণ কোম্পানির স্থানীয় ডিলার ও এসআর। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন শনিবার রাতে কোম্পানীগঞ্জের থানাবাজারে মহাসড়ক সংলগ্ন তাদের অফিসে হিসাব-নিকাশ করছিলেন। রাত ৮টার দিকে কয়েকজন যুবক এসে তাঁর ওপর আকস্মিক হামলা করে। হামলাকারীরা অফিসের ড্রয়ারে থাকা বিপুল পরিমাণ টাকা লুটে নেয়। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
কোম্পানীগঞ্জ থানাবাজারের ব্যবসায়ী ফয়ছাল আলম জানান, হুমায়ুনের বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার বারশতদিয়ার গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জে পরিবারসহ আছেন। একজন ভালো মানুষ হিসেবে তার বেশ সুনাম আছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, অভিযোগ পেয়েই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের ধরতে অভিযান চলছে।
