সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বালু-পাথর লুট রোধে রোববার মধ্যরাতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে বালু-পাথর উত্তোলনকারী ১৩৬ টি কাঠের নৌকা ও ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে সকাল সাড়ে ৬ টা পর্যন্ত সীমান্ত পিলার ১২৪৯/এমপি থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধলাই নদীতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানার নেতৃত্বে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। এসময় ধলাই নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১৩৬ টি কাঠের নৌকা এবং ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত নৌকা এবং পাথর ইউনিয়ন পরিষদ মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা জানান, টাস্কফোর্সের অভিযানে ধলাই নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনকারী ১৩৬ টি কাঠের নৌকা এবং ৫০০ ঘনফুট পাথর জব্দ করা হয়। জব্দকৃত নৌকা এবং পাথর ইউনিয়ন পরিষদ মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। অভিযানকালে কাউকে পাওয়া যায় নাই। কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে।
