মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

কাল সিলেটে আসছেন প্রধানমন্ত্রী

সিলেটের সকাল রিপোর্ট
ডিসেম্বর ১৯, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সিলেট নগরীকে সাজানো হয়েছে। সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে শুরু করে সিলেট নগরের প্রতিটি পয়েন্টকে সাজানো হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জনসভাকে ঘিরে দলের নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এদিকে নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী সিলেটে নির্মাণ করা হচ্ছে জনসভা মঞ্চ। যেখানে বিলবোর্ড, ফেস্টুন কিছুই নেই। ছাপানো হয়নি দলীয় প্রধানের সিলেট সফর উপলক্ষে রঙিন পোস্টারও।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভাটি বুধবার বেলা ২ টায় সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। নির্বাচনের মুহূর্তে এটি সিলেট বিভাগের একমাত্র জনসভা, যেখানে দলের প্রধান শেখ হাসিনা সরাসরি উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। নেতাকর্মীদের দেবেন নানা নির্দেশনা, ভোট চাইবেন সিলেটবাসীর কাছে। এজন্যে এই জনসভায় ব্যাপক লোকসমাগমের প্রস্তুতি নিয়েছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সিলেট ছাড়াও সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা থেকেও নেতাকর্মীরা মিছিল-শোডাউন করে জনসভায় অংশ নেবেন বলে জানিয়েছেন দলের নেতারা।

এর আগে দলটির সভানেত্রী সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। প্রতিবছর সিলেটের এই দুই পীরের মাজার জিয়ারত করেই নির্বাচনী প্রচারণা শুরু করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা। এর আগে ২০১৮ সালেও সিলেটে প্রথম নির্বাচনী জনসভা করে আওয়ামীলীগ ও মাজার জিয়ারত করেন দলটির সভানেত্রী।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরজুড়ে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। নগরে বৃদ্ধি করা হয়েছে পুলিশের টহল। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, আমাদের সবধরনের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের কড়া নজরদারি থাকবে।

জনসভা মঞ্চে সিলেট বিভাগের ১৮ আসনে আওয়ামী লীগ দলীয় মনোনীত নৌকার প্রার্থীরা উপস্থিত থাকবেন। জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হবিগঞ্জ-১ আসনের জাতীয় পার্টির প্রার্থীও জনসভা মঞ্চে থাকবেন বলে জানা গেছে। ইতিমধ্যে প্রার্থীদের নির্দিষ্টসংখ্যক লোক সমাগম করার নির্দেশনা দেওয়া আছে। পাশাপাশি প্রতিটি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদেরও কর্মী-সমর্থকদের নিয়ে জনসভায় হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এবিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় নেতারা এসে মাঠ পরিদর্শন করেছেন। এই জনসভা দলের নেতাকর্মীসহ ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা বাড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।