রবিবার , ২১ জুন ২০২৬, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৭
আজকের সর্বশেষ সবখবর

কাতারে ৫ বাংলাদেশির মৃত্যু: মরদেহ দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক ::
জুন ২১, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়ার বিষয়টি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (২১ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত পাঁচ বাংলাদেশিই সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাসিন্দা।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এতে নিহত প্রবাসীরা সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন- গাছবাড়ি এলাকার কাদের আহমদ, আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ এবং একই গ্রামের জুবায়ের আহমদ। কর্মস্থলে যাওয়ার পথে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

এক শোকবার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা আমাদের এই রেমিট্যান্স যোদ্ধাদের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

মন্ত্রী জানান, কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।