বাংলাদেশ ষড়ঋতুর দেশ। এদেশে ঋতুভেদে প্রকৃতি ধরা দেয় বিভিন্নরুপে। শরৎকে বলা হয় ‘ঋতুর রানী’। শরৎের স্নিগ্ধতা আমাদেরকে মুগ্ধ করে। শরৎ নিয়ে অনেক বিখ্যাত কবিগণ রচনা করেছেন অসংখ্য কবিতা। বাংলার এই অনন্য বৈচিত্র্যময় ঋতুকে উদযাপন করে নিতে সাংস্কৃতিক কর্মীদেরও উৎসাহ-উদ্দীপনার কমতি নেই।
এই উপলক্ষ্যে প্রতিবছর মুরারিচাঁদ (এমসি) কলেজ ‘মোহনা সাংস্কৃতিক সংগঠন’ আয়োজন করে থাকে ‘শরৎ: একদিন ভবঘুরে’। এবারও সোমবার ‘শরৎ: একদিন ভবঘুরে’ আয়োজন করে মোহনা। এই উপলক্ষ্যে মোহনা সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা সোমবার সকালে ক্যাম্পাসে এসে জড়ো হয় নানান সাজে সেজে।
এরপর অনুষ্ঠানের ব্যানার নিয়ে র্যালি বের করে। সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর তোফায়েল আহম্মেদ ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বেগমকে নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা।
পরবর্তীতে তারা এই দিনটিকে স্মরণীয় করে রাখতে দলদলি চা বাগানের দিকে যাত্রা করে। দলদলি চা বাগানে তারা প্রকৃতির সান্নিধ্যে ‘শরৎ: একদিন ভবঘুরে’ অনুষ্ঠানটি পালন করে। সারাদিন প্রকৃতির সান্নিধ্যে পদযাত্রা এবং বাংলার প্রকৃতিকে কাছ থেকে অন্বেষণই অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য।
বর্তমান কার্যকরী পরিষদের নেতৃত্বে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন মোহনা সাংস্কৃতিক সংগঠনের বর্তমান সভাপতি শাহ রাকিবুল হাসান রাফি, সহ সভাপতি সায়েম আহমেদ, শ্রীবাস দাস, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ রাকিব, সহ সাধারণ সম্পাদক অমিত পণ্ডিত, দীপন তালুকদার, সাংগঠনিক সম্পাদক তাহিন আহমদ সহ আরো অনেকে।
সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন খালেদ মাসুদ, ইমরান ইমন ও পল্লবী দাস মৌ।
উল্লেখ্য, মোহনা সাংস্কৃতিক সংগঠন ২০০৭ সাল থেকে যাত্রা শুরু করে বর্তমান কাল পর্যন্ত বাংলার সংস্কৃতিকে বিভিন্ন পরিমন্ডলে তুলে ধরছে। তারা কলেজ ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে তাদের সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরে আসছে।
