সিলেটের এমসি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য তাফসিরুল কুরআন মাহফিলকে ঘিরে নগরের পাঁচটি সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। বুধবার সন্ধ্যায় পুলিশ কমিশনার মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে নগরের পাঁচটি সড়কে বাস, মিনিবাস, পিকআপ ও ট্রাকসহ সকল প্রকার ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকার কথা উল্লেখ করা হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগর এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য মাহফিলের দিন (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত নগরের শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড় পয়েন্ট, টিলাগড় পয়েন্ট থেকে শাপলাবাগ আবাসিক এলাকার শেষ সীমা, টিলাগড় পয়েন্ট থেকে বালুচর-মদনীবাগ- গোপালটিলা, শাহী ঈদগাহ থেকে বালুচর-গোপালটিলা-টিলাগড় পয়েন্ট, মেজরটিলা পুরবী আবাসিক এলাকা থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত বাস, মিনিবাস, পিকআপ ও ট্রাকসহ সকল প্রকার ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রিত থাকবে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে শনিবার তিন দিনব্যাপী আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিল প্রতিদিন বিকাল ৪টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। এতে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারীর বয়ান করার কথা রয়েছে শনিবার। মাহফিলে কয়েক লাখ লোক সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।
