বুধবার , ৮ জুলাই ২০২৬, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৭
আজকের সর্বশেষ সবখবর

এম‌সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে তরুণীকে ধর্ষণের মামলার রায় ১৪ ‍জুলাই

নিজস্ব প্রতিবেদক ::
জুলাই ৮, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের বহুল আলোচিত এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ছাত্রলীগের সঙ্গে জড়িত আট আসামির বিরুদ্ধে রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ১৪ জুলাই সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ মামলার রায় ঘোষণা করবেন।

বুধবার আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন।

মামলার আসামিরা হলেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ও মাহফুজুর রহমান। তারা সবাই ছাত্রলীগের টিলাগড়কেন্দ্রিক রাজনীতির সক্রিয় কর্মী ছিলেন।

২০২০ সালের ২৫ সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় মামলা করেন এবং সেখানে ছয়জনের নাম উল্লেখ করে দুজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ঘটনার পর পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে ছাত্রলীগের নাম উল্লেখিত ছয়জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্তে ডিএনএ পরীক্ষায় আট আসামির মধ্যে ছয়জনের সঙ্গে ধর্ষণের আলামতের মিল পাওয়া যায়। ২০২১ সালের ৩ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও শাহপরান থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য ছাত্রলীগের আট নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে গত বছরের মে মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। মামলায় মোট ২৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। তাদের মধ্যে ছিলেন ভুক্তভোগী, তাঁর স্বামী, তদন্ত কর্মকর্তা, স্বীকারোক্তি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, এমসি কলেজের একজন অধ্যাপক এবং ফরেনসিক বিভাগের চিকিৎসক।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে এখন বহুল আলোচিত এই মামলার রায়ের অপেক্ষায় রয়েছে সারা দেশ। বিশেষ করে ছাত্রলীগের সঙ্গে জড়িত আট আসামির বিরুদ্ধে আদালত কী সিদ্ধান্ত দেন, তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আগামী ১৪ জুলাই ঘোষিত রায় এই আলোচিত মামলার বিচারিক পরিণতি নির্ধারণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।