রবিবার , ২৮ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫২
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন

লবীব আহমদ
মে ২৮, ২০২৩ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

#বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি বিশ্বব্যাপী স্বীকৃত- প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “জুলিও কুরি “শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী ( ৫০ বছর পূর্তি) উদযাপিত হয়েছে। আজ রোববার কলেজের বঙ্গবন্ধু মুরালে পুস্পস্তবক অর্পণ ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে দিবসটির উদযাপন শুরু হয়। পরে এমসি কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর “জুলিও কুরি ” শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এমসি কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছাম্মৎ জেবিন আক্তারের সঞ্চালনায় প্রামাণ্যচিত্রের উপর ভিত্তি করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী।

সভাপতির বক্তব্য রাখছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

সভাপতির বক্তব্যে প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, “জুলিও কুরি “শান্তি পদককে বলা হতো নোবেল পুরষ্কারের সমমর্যাদার পুরষ্কার। এই পুরষ্কার বঙ্গবন্ধু সহ বিশ্ববরেণ্য ব্যক্তিরাই পেয়েছিলেন৷ এটি ছিল আমাদের জাতির জন্য, দেশের জন্য প্রথম কোনো আন্তর্জাতিক পুরষ্কার। এজন্য আমরা বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞ। ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়’ বঙ্গবন্ধুর এই পররাষ্ট্রনীতি বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে। আমরা বাঙালিরাও শান্তিপ্রিয় মানুষ। সবার সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক আমাদেরও।

বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষে কলেজে বৃক্ষরোপণ করা হয়।

এসময় বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. শামছ উদ্দিন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমান, অর্থনীতি বিভাগের প্রভাষক নিকসন দাস প্রমুখ।

সভার শুরুতে কোরআন তিলাওয়াত করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ও গীতা পাঠ করেন রসায়নবিদ্যা বিভাগের প্রভাষক সুজন তালুকদার।

সভায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ‘যদি রাত পোহালে শোনা যেত’ গান পরিবেশন করেন কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। পরে কলেজে প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।