কবিতায়, গানে ও নাটকে বিশ্ব নাট্য দিবস উদযাপন করেছে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের থিয়েটার মুরারিচাঁদ। এবারের বিশ্ব নাট্য দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো- শিল্পই শান্তি।
২৭শে মার্চ “বিশ্ব নাট্য দিবস” পালন করার কথা থাকলেও, পবিত্র রমজান মাস এবং কলেজ বন্ধ থাকার কারণে গত ৪ঠা মে (শনিবার) বিকেল ৪ ঘটিকায় মুরারিচাঁদ কলেজে রাজা গিরিশ চন্দ্র রায় ও সৈয়দ আব্দুল মজিদ কাপ্তান মিয়ার ম্যুরালের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। থিয়েটার মুরারিচাঁদের বিশ্ব নাট্য দিবস উদযাপনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই চত্বরে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের যাত্রা শুরু হলো।

থিয়েটার মুরারিচাঁদের বর্তমান কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক তুষার তালুকদারের সঞ্চালনায় থিয়েটার মুরারিচাঁদের সহ-সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো সাইফুদ্দিন আহম্মদ।
স্বাগত বক্তব্য প্রদান করেন “থিয়েটার মুরারিচাঁদ” এর সাধারণ সম্পাদক জুয়েল কান্তি দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুরারিচাঁদ কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন নবশিখা নাট্যদলের সভাপতি ধ্রুবজৌতি দে ও থিয়েটার মুরারিচাঁদের প্রতিষ্ঠাকালীন সদস্য বাপ্পি মজুমদার, মুরারিচাঁদ কলেজ ছাত্রলীগের সভাপতি দিলোয়ার হোসেন রাহী ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় মুরারিচাঁদ কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠন, মুরারিচাঁদ কবিতা পরিষদ ও অন্যান সংগঠন । থিয়েটার মুরারিচাঁদ নিজস্ব পরিবেশনায় নৃত্য, আবৃত্তি, গান ও বিশেষ আকর্ষন হিসেবে ছিলো বাগানিদের জীবন কাহিনি নিয়ে সিলেটে প্রথম পথনাটক ❝লেবারলাইন হল্ট❞।
এসময় বক্তারা বলেন, নাট্যকর্মীদের জন্য এমনকি নাটকের জন্য বিশ্বব্যাপী একটি দিন আছে সেটিই একটি বড় আনন্দের বিষয়। নাটক সমাজের যে অসঙ্গতিগুলো ফুঁটিয়ে তুলে সুন্দর সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে আজকের বিশ্ব নাট্য দিবসে তা আরও প্রাণিত হোক এবং শক্তি যোগাক। সমাজের উন্নতিতে, সাধারণ মানুষের অধিকার আদায়ে গানে, কবিতায়, নৃত্যে ও সংলাপে আরও দৃঢ়তার প্রয়াস জাগুক সকলের মাঝে।
