বৃহস্পতিবার , ৩ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:২৩
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে ডিবেটিং সোসাইটির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

লবীব আহমদ
আগস্ট ৩, ২০২৩ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

“যুক্তির শাণিত স্রোতে, সৃজিব মুক্তির মহাকাল” স্লোগান নিয়ে গঠিত মুরারিচাঁদ (এমসি) কলেজ ডিবেটিং সোসাইটির (এমসিডিএস) ২দিন ব্যাপী “সিক্সথ এমসিডিএস ইন্ট্রা কলেজ ডিবেট ও পাবলিক স্পিকিং কম্পিটিশন” অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় কলেজের কলাভবনের গ্যালারি কক্ষে এই অনুষ্ঠান উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। পরে গতকাল বৃহস্পতিবার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন তিনি। এমসি কলেজের একাদশ-দ্বাদশ, অনার্সের বিভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীরা এই পাবলিক স্পিকিং ও বিতর্কে অংশগ্রহণ করেন।

এমসি কলেজ ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী সিনিয়র সদস্য নবিল হোসেন মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ শোকাবহ আগস্টে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেন। এসময় তিনি বিতার্কিকদের উদ্দেশ্যে বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য বিতর্ক চর্চা করা উচিত। একটি উন্নত ও গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় জ্ঞান অর্জন ও বিতর্ক চর্চার বিকল্প নেই। বিতর্কে যারা ভালো তাদের সাথে থাকতে হবে, আর যারা মন্দ তাদেরকেও ধীরে ধীরে আমাদের সাথে নিয়ে আসতে হবে। কলেজে যত ক্লাব আছে সেখানে আমরা প্রাথমিক জ্ঞান অর্জনের চেষ্টা করব।

এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দিন আহম্মদ, এমসিডিএস এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ বিলাল উদ্দিন, এমসিডিএস এর সভাপতি মোঃ সাইফুর রহমান মিশু, সহ সভাপতি ইশরাত চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রজত দাশ, সাবেক সভাপতি মীর সাইফুর প্রমুখ।

এমসিডিএস ক্লাব কক্ষে কলেজের একাদশ-দ্বাদশ ও অনার্সের ছাত্রছাত্রীদের মধ্যে বাংলা ও ইংরেজিতে পাবলিক স্পিকিং কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় (ইংরেজি) চ্যাম্পিয়ন হন কণিকা নাথ পূজা(অনার্স ১ম বর্ষ ইংরেজি বিভাগ)। পাবলিক স্পিকিং (বাংলা) -চ্যাম্পিয়ন হন পার্থিব চন্দ দিব্য (একাদশ)।

বিতর্ক প্রতিযোগিতায় ৪টি টিম এমসিডিএস-৫২, এমসিডিএস- ৫৪, এমসিডিএস- ৬৯ ও এমসিডিএস- ৭১ অংশগ্রহণ করে। প্রতিটি টিমের নাম বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত ঐতিহাসিক সালগুলো নিয়ে করা হয়। ট্যাব রাউন্ড পদ্ধতিতে ৩ রাউন্ড বিতর্ক শেষে শীর্ষ স্থান অর্জনকারী ২টিম এমসিডিএস-৫২(দিব্য, রায়হান, উর্বি) বনাম এমসিডিএস-৬৯ (পূজা, মাতিন, প্রতীক) ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়। ফাইনালে টিম এমসিডিএস-৫২ রানারআপ ও টিম এমসিডিএস-৬৯ চ্যাম্পিয়ন হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রতিযোগীদের মধ্যে সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ করেন কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।