শুক্রবার , ২৪ মে ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:২৬
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

এমসি কলেজ প্রতিনিধি
মে ২৪, ২০২৪ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ (৫৬) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) শুক্রবার রাত ১ টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ চতুর্দশ বিসিএসের কর্মকর্তা ছিলেন। এমসি কলেজে তিনি ছাত্রশিক্ষকদের কাছে সজ্জন ব্যক্তি হিসেবে সমাদৃত ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ মদনমোহন কলেজে ভাইভা পরীক্ষা নিতে যান। তিনি বেশ কিছুদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। সেখান থেকে বাসায় ফিরে অসুস্থতা অনুভব করেন। পরে বিকেলে আসর নামাজ পর তাঁকে সিলেটের হার্ট ফাউন্ডেশনে ভর্তি করলে সেখানকার চিকিৎসকরা তাঁর হার্টের পাশাপাশি কিডনীর সমস্যার কথা বলেন। তখন তাঁকে সেখান থেকে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সিসিউতে ভর্তি করা হয়। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের এখানে না থাকায় তাঁর উপযোগী ভেন্টিলেটর লাগানোর জন্য পার্ক ভিউ মেডিকেলে প্রেরণ করেন। সেখানে নেওয়ার ঘণ্টাখানেক পরে তার মৃত্যু হয়। তাঁর এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার সকাল ৭ টায় এমসি কলেজের কলাভবনের সামনে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেল ৩ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, উনার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা শোকাহত। অথচ কালও একসাথে ছিলাম এবং রাতেও উনার সাথে হাসপাতালে ছিলাম। এভাবে উনার চলে যাওয়া আমাদেরকে খুবই ব্যতিত করেছে। তাঁর মৃত্যুতে কলেজের শনিবারের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আমরা রোববার কলেজে দোয়া-মাহফিল করবো। দোয়া করি আল্লাহ তাঁকে বেহেস্ত নসীব করেন এবং সকলে তাঁর জন্য দোয়া করবেন।

প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ ১৯৬৮ সালের পহেলা জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন৷ তাঁর চাকুরীজীবন শুরু হয় ১৯৯৩ সালের ১৭ই নভেম্বর নবীনগর সরকারি কলেজে প্রভাষক হিসেবে। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত এমসি কলেজের অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্বরত ছিলেন। পরে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ২০০৬ সালে সিলেট সরকারি মহিলা কলেজে যোগদান করেন। ২০১৭ সালে প্রফেসর পদে পদোন্নতি পান এবং ২০১৮ সালের পহেলা এপ্রিল উপাধ্যক্ষ হিসেবে মৌলভীবাজার সরকারি কলেজে যোগদান করেন। পরে তিনি সবশেষ গত বছরের ২৪ মে এমসি কলেজের উপাধ্যক্ষ হিসেবে বদলী হয়ে আসেন। সেই থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।