মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৪২
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা ট্রাভেল মার্ট ৮-১০ ফেব্রুয়ারি: টাইটেল স্পন্সর বিমান

সিলেটের সকাল রিপোর্ট:
জানুয়ারি ১৬, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা ট্রাভেল মার্ট ২০২৪’ আগামী ৮-১০ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হবে। এবার এ মার্টের ১৯তম আসর বসবে। এ আসরের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে জাতীয় আকাশ পরিবহণ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শীর্ষস্থানীয় ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দা বাংলাদেশ মনিটর মেলাটির আয়োজন করছে।
সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর বলাকা ভবনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শফিউল আজিমের উপস্থিতিতে এত সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম এবং বিমানের ভারপ্রাপ্ত পরিচালক- বিপনন ও বিক্রয় মোহাম্মদ সালাউদ্দীন।

ঢাকা ট্রাভেল মার্টে নতুন ভূমিকায় বিমানকে স্বাগত জানিয়ে কাজী ওয়াহিদুল আলম বলেন, “এই পার্টনারশীপের জন্য বিমান ম্যানেজমেন্টকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি, এবারের মেলায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিক্রয়ের হিসেবে বিমান অধিকতর লাভবান হবে, একই সঙ্গে সংস্থাটির ব্র্যান্ড ইমেজও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে”।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে শফিউল আজিম বলেন, “প্রথমবারের মতো ঢাকা ট্রাভেল মার্টের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত, যদিও জনপ্রিয় এই মেলাটির জন্মলগ্ন থেকেই আমরা অংশগ্রহণ করে আসছি। এই অনন্য প্ল্যাটফর্মটি কাজে লাগিয়ে আমরা বিমানের বিভিন্ন পন্য ও সেবা প্রচার করার পরিকল্পনা করছি”।

এবারের ঢাকা ট্রাভেল মার্টে দেশী-বিদেশী প্রায় ৭০টি সংস্থা ও প্রতিষ্ঠান ১০০টি বুথ এবং প্যাভিলিয়ন তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। ভিজিটররা মেলা চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্যাকেজ ও মূল্যছাড় পাবেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক- প্রশাসন ও মানবসম্পদ মোঃ সিদ্দিকুর রহমান; মহাব্যবস্থাপক- বিক্রয় মোহাম্মদ শামসুল করিম; মহাব্যবস্থাপক- জনসংযোগ তাহেরা খন্দকার; মহাব্যবস্থাপক- রাজস্ব এফএমআইএস মোহাম্মদ মিজানুর রশীদ; জনসংযোগ ব্যবস্থাপক মোঃ আল মাসুদ খান এবং বাংলাদেশ মনিটরের ব্যবস্থাপনা সম্পাদক ডঃ ফরহাদ কামাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।