চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষাবোর্ডে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। রোববার সকাল ১১টায় ওয়েবসাইট ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়।
ফলাফলে বিশ্লেষণে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। শুধু ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৯ শতাংশ।
রবিবার (২৬ নভেম্বর) গণভবনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড, মোবাইল ফোনে এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারছেন শিক্ষার্থীরা।
এর আগে সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষাবোর্ডগুলোর চেয়ারম্যানেরা।
এরপর বেলা ২টায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন।
ফলাফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার ৩.৮১% বেশি। ছাত্রীদের পাশের হার ৮০.৫৭%, ছাত্রদের পাসের হার ৭৬.৭৬%। একইসঙ্গে জিপিএ-৫ এও মেয়েরা এগিয়ে বলেও জানান তিনি।
ওয়েবসাইটের মাধ্যমেও ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা। এজন্য প্রথমে www.educationboardresults.gov.bd ঠিকানায় প্রবেশ করতে হবে। সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট বাটনে চাপ দিলে শিক্ষার্থীরা তার রেজাল্ট শিট দেখতে পাবেন।
মোবাইল ফোনে ক্ষুদে বার্তা পাঠানোর মাধ্যমেও ফল জানা যাবে পারবে। ক্ষুদে বার্তা পাঠানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে এইচএসসি লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের প্রথম তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পরীক্ষার সাল টাইপ করে ১৬২২২ নম্বরে ক্ষুদে বার্তা পাঠাতে হবে। যেমন- ঢাকা বোর্ডের ক্ষেত্রে HSC Dha Roll 123456 2023 লিখে নির্ধারিত নম্বরে ক্ষুদে বার্তা পাঠাতে হবে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য Alim Mad 123456 2023, কারিগরি শিক্ষা বোর্ডের জন্য Hsc Tec 123456 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১৭ আগস্ট। পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রী ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন।
