রবিবার , ৩১ মে ২০২৬, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১১
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত-ব্যাংক

সিলেটের সকাল ডেস্ক ::
মে ৩১, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের দীর্ঘ ছুটি শেষে আগামীকাল সোমবার (১ জুন) খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও পুঁজিবাজার। দীর্ঘ অবকাশ শেষে আগামীকাল থেকে রাজধানীসহ সারা দেশের লাখো কর্মজীবী মানুষ আবার নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।

এ বছর গত ২৮ মে দেশব্যাপী মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকারের পূর্বনির্ধারিত ৬ দিনের ছুটির সাথে নির্বাহী আদেশে আরও ১ দিন ছুটি বাড়িয়ে মোট ৭ দিনের টানা ছুটি ঘোষণা করা হয়েছিল। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, গত ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকে। তবে এই দীর্ঘ ছুটির সমন্বয় হিসেবে ঈদের আগে গত ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করেছিলেন চাকরিজীবীরা।

ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি ছিল। এর আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং ঈদের পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি ভোগ করেন কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে ঈদের ছুটি শেষে ইতোমধ্যে রাজধানীমুখী মানুষের ঢল নামতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। ফলে ফাঁকা ঢাকার বিভিন্ন সড়কে আবার যানবাহনের চাপ এবং চিরচেনা ব্যস্ততা বাড়তে শুরু করেছে।

সংশ্লিষ্টরা ধারণা করছেন, ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কাজের চাপ ও কর্মচাঞ্চল্য তুলনামূলক কিছুটা কম থাকতে পারে। দিনের একটি বড় অংশ জুড়ে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলবিনিময় করে কাটাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।