মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৭
আজকের সর্বশেষ সবখবর

ইসির প্রস্তাব: স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

সিলেটের সকাল ডেস্ক ::
জুলাই ২১, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঋণখেলাপি ও বিলখেলাপিদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিকত্বধারী এবং লাভজনক পদে থাকা ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য করার সুপারিশও করা হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন সংশোধন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধির প্রস্তাবিত সংশোধনী নিয়ে বৈঠক শেষে এসব তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেছেন, ঋণখেলাপির ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে। একটি হলো ঋণগ্রহীতা, অন্যটি গ্যারান্টার। যিনি ব্যক্তিগতভাবে ঋণগ্রহীতা, তিনি তো আছেনই। তবে গ্যারান্টারদেরও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার প্রস্তাবে কমিশন নীতিগতভাবে সম্মত হয়েছে।

তিনি আরও বলেছেন, এর পাশাপাশি বিলখেলাপিদেরও অযোগ্য হিসেবে বিবেচনার প্রস্তাব করা হয়েছে। যেমন বিদ্যুৎ বিল, ভূমি কর, ওয়াসা বা এ ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠানের কোনো বিল বকেয়া থাকলে, তা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক যাই হোক না কেন, সেটিও অযোগ্যতার কারণ হবে।

এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে তিনি বলেছেন, কমিশনের মতে, এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সে অনুযায়ী তাদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য করার প্রস্তাব করা হয়েছে।

তিনি জানান, আইন সংশোধনের পাশাপাশি আচরণবিধিতেও প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তাব আনা হবে।

‘আইন সংশোধনের বিষয়টি আইনগত প্রক্রিয়া। এ বিষয়ে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠাবে। স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবগুলো উপযুক্ত মনে করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে’— যোগ করেন আখতার আহমেদ।

আইন চূড়ান্ত করার বিষয়ে তিনি বলেন, আইন চূড়ান্ত করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। কমিশন শুধু কিছু প্রস্তাব ও সুপারিশ করছে। আইন চূড়ান্ত করার দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।