জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে সিলেটে দুই ঘণ্টা অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে কার্যালয়ের সামনে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, মায়ের কোলে যেভাবে ছোট শিশু বড় হয়, সেইভাবে আমাদের অধীনে জাতীয় পরিচয়পত্র সেবা যেন বহাল থাকে। অতীতে স্বৈরাচার সরকারের আমলে নানা সময়ে আমাদের জাতীয় পরিচয়পত্র সেবাকে বিতর্কিত করা হয়েছে। আমরা আমাদের এই দাবি বাস্তবায়ন চাই।
এ সময় উপস্থিত ছিলেন- আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল আলম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, সিলেট সদর উপজেলার নির্বাচন অফিসার মো. ফরহাদ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন অফিসার মো. আবুল হাসনাত সহ আরো অনেকে।
প্রসঙ্গত, বুধবার এনআইডি নিয়ে সরকারের উদ্যোগের বিরুদ্ধে ইসি কর্মকর্তারা প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) আনুষ্ঠানিকভাবে জানান। কমিশন তাদের দাবি আমলে নিয়ে সরকারকে চিঠি দেয়। কমিশনের চিঠির পর দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় তারা সারাদেশে নিজেদের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এর আগে গত ৫ মার্চ একই দাবিতে কর্মবিরতি পালন করেন ইসি কর্মকর্তা-কর্মচারীরা।
