‘আলহামদুলিল্লাহ, আপন মাটিতে’-দেশে ফেরার পথে সোস্যাল মিডিয়ায় এ সময় পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা: জুবাইদা রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখেন সিলেটের বনেদী পরিবারের সন্তান জুবাইদা রহমান। স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডা. জুবাইদা রহমান। এরপর একে একে কেটেছে ১৭টি বছর। ফিরতে পারেননি দেশে। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনে ছিলেন। অবশেষে শাশুড়ি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বুধবার দেশে ফিরছেন জুবাইদা রহমান। একটি সূত্র জানায়, ডা: জুবাইদার মা, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে অসুস্থ। গতশুক্রবার তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ মাকে দেখতে তার এ সফর বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।
৫মে সোমবার কাতারের আমিরের সৌজন্যে প্রাপ্ত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সযোগে দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া ও তাঁর সফরসঙ্গীরা। খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি পরদিন ৬মে মঙ্গলবার ঢাকায় পৌঁছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান ও জুবাইদা রহমানের মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা করে দুদক। এই মামলায় জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের ওই সাজা স্থগিত হয়। সিলেটের বনেদি পরিবারের সন্তান জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় প্রথম হয়ে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দিয়েছিলেন। তবে ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে ছুটি বাড়ানোর পরেও ফেরত এসে চাকরিতে যোগ না দেওয়ায় তাঁকে বরখাস্ত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়।
জুবাইদা রহমানের জন্ম সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়। তিনি মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে। মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদের সরকারের সময়েও তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন তিনি। ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে তিনি স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য লন্ডনে আসেন।
