শুক্রবার , ২৪ জুলাই ২০২৬, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪৮
আজকের সর্বশেষ সবখবর

অভ্যুত্থানোত্তর বাংলাদেশে সিলেটবাসী আর কোনো বৈষম্য দেখতে চায় না: এমপি আবুল হাসান

নিজস্ব প্রতিবেদক ::
জুলাই ২৪, ২০২৬ ২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতিতে খেলাফত মজলিসের সমাবেশ ও গণমিছিল

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান বলেছেন, জুলাই অভ্যুত্থানের মূল চেতনা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়া। বিগত দিনসমূহে সিলেটের সাথে চরম বৈষম্য করা হয়েছে। যার ফলে উন্নয়নের সব সূচকেই সিলেট পিছিয়ে। অভ্যুত্থানোত্তর বাংলাদেশে সিলেটবাসী আর কোনো বৈষম্য দেখতে চায় না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সিলেটে খেলাফত মজলিস আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবুল হাসান বলেন, বর্তমানে সিলেট থেকে দুইজন মন্ত্রী, প্রতিমন্ত্রীর মর্যাদাসম্পন্ন প্রতিনিধি এবং ১৯ জন সংসদ সদস্য রয়েছেন। তারা সবাই সিলেটের উন্নয়ন ও পিছিয়ে পড়া দূর করতে সমন্বিতভাবে কাজ করছেন এবং নিয়মিত বৈঠক করছেন।

বক্তব্যে তিনি সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজের ধীরগতির সমালোচনা করে দ্রুত কাজ শেষ করার দাবিও জানান। পাশাপাশি ঢাকা-সিলেট রেললাইন আধুনিকায়ন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট চালু এবং সিলেটের গ্যাস দিয়ে স্থানীয় আবাসিক গ্রাহকদের চাহিদা পূরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

মুফতি আবুল হাসান আরও বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেটের রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় অবদান রাখলেও উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকা মেনে নেওয়া যায় না। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সিলেটের উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জুলাই অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, জুলাইয়ের চেতনা বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার শিক্ষা দেয়। এই আদর্শ বাস্তবায়ন করতে না পারলে জুলাই চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। আজকে মুক্তভাবে সমাবেশ ও আলোচনা করতে পারার পেছনে জুলাই যোদ্ধাদের অগ্রণী ভূমিকা রয়েছে। তাই জুলাইয়ের চেতনাকে কখনো ভুলে যাওয়া যাবে না। জুলাইয়ের চেতনার সাথে গাদ্দারি আমরা বরদাশত করতে পারিনা। অন্যায়ভাবে কেউ কিছু করতে চাইলে তার ঠাঁই বাংলার জমিনে হবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, যে যার দায়িত্বে আছেন, সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। তাহলেই জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেন, দেশের ৩০টি রাজনৈতিক দল সর্বসম্মতিক্রমে যে জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং গণভোটের মাধ্যমে যে সনদ জনসমর্থন পেয়েছে, তার বাস্তবায়নে টালবাহানা চলছে। তিনি অবিলম্বে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুল হান্নান।

খেলাফত মজলিস সিলেট জেলা সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন ও সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমদের যৌথ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা সৈয়দ আলী আসগর, মহানগর সহ-সভাপতি আবদুল হান্নান তাপাদার, মাওলানা শাহ আশিকুর রহমান, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান, মাওলানা আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবদুল ওয়াদুদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হান, সিলেট পশ্চিম জেলা সভাপতি আবদুল বাসিত, শ্রমিক মজলিস সিলেট মহানগর সভাপতি আবদুর রহীম প্রমুখ।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, ডাক্তার ফয়জুল হক, জেলা সহ-সভাপতি শামসুল ইসলাম, মাওলানা আবদুস সালাম, মহানগর সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ ও মাওলানা জুনায়দ আহমদ প্রমুখ। সমাবেশ শেষে এক বিরাট গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।