টানা ১০ দিন পর মোবাইলে ইন্টারনেট সেবা চালু হয়েছে। আজ রোববার বেলা তিনটার দিকে ফোর-জি চালু হয়েছে। তবে ফেসবুকসহ দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত চারটি অ্যাপ মোবাইলে এখনই চালু হচ্ছে না।
এর আগে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক ব্রিফিংয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বিকাল ৩টায় মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত জানান।
ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, তিন দিনের জন্য পাঁচ জিবি করে বোনাস পাবেন গ্রাহকেরা। ফোর-জি নেটওয়ার্কে কোন কোন অ্যাপ থাকবে, জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী নির্দিষ্ট করে বলেননি।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সংঘাতের মধ্যে ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট–সেবা বন্ধ হয়ে যায়। এর পরদিন ১৮ জুলাই রাত পৌনে নয়টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগও বন্ধ হয়ে যায়। এ কারণে পুরো দেশই ইন্টারনেট-বিচ্ছিন্ন ছিল।
২৩ জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট–সেবা পাওয়া গেলেও ফেসবুক, টিকটক বন্ধ রয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপেও বার্তা আদান-প্রদানে অসুবিধা দেখা যাচ্ছে। তবে ইউটিউব চলছে।
৩১ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে ঢাকায় এসে ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে। তারা যুক্তি ও ব্যাখ্যা দিয়ে যদি বোঝাতে পারে যে বাংলাদেশের ক্ষেত্রে কোনো বৈষম্য করছে না, তাহলে আলোচনার ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে।’
